সারাদেশ

তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল
ছবি: সংগৃহীত

দীর্ঘ তিন বছরের বিরতি শেষে আবারও গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। সর্বশেষ ২০২৩ সালে এই ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর এবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বসতে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসরের ম্যাচ।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে গোপালগঞ্জে শুরু হবে এবারের প্রিমিয়ার লিগের খেলা। ম্যাচকে ঘিরে ইতোমধ্যে স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠ ও গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দর্শকদের জন্য পরিবেশ উপযোগী করে তোলা হচ্ছে পুরো স্টেডিয়াম। মাঠের খেলার উপযোগিতা নিশ্চিত করতেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুধু প্রিমিয়ার লিগ নয়, গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের ম্যাচও। ফলে এবারের মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পাবেন গোপালগঞ্জের ফুটবলপ্রেমীরা।

গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম জাহিদুল হক কচি জানান, শুক্রবারের ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ, গ্যালারি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়।

সূচি অনুযায়ী, এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল আবারও গোপালগঞ্জে ফেরায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।