সারাদেশ

বিদেশি কোম্পানির নামে নকল ওষুধ বিক্রি, লাজফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৩:২৯ পিএম

বিদেশি কোম্পানির নামে নকল ওষুধ বিক্রি, লাজফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

খুলনায় বিদেশি কোম্পানির নামে নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মার রয়েল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সংস্থাটির খুলনা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের উপপরিচালক মো. সেলিম জানান, মে মাসে ‘ইচিং রিলিফ’ লোশন নামে একটি চর্মরোগের ওষুধ এক ক্রেতার কাছে ফিলিপাইনের পণ্য বলে বিক্রি করে লাজফার্মা। তবে অনুসন্ধানে জানা যায়, ওষুধটি ফিলিপাইনের নয়, বরং বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রতিষ্ঠান—‘এডোরাবেলা হেলথ কেয়ার’ প্রস্তুত করেছে। প্রতিষ্ঠানটির পণ্য বাজারজাত করার কোনো অনুমোদনও নেই।

অভিযানকালে লাজফার্মা শাখাটি থেকে বিএসটিআই অনুমোদনবিহীন বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, এর আগেও ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে একই শাখাকে একই পরিমাণ জরিমানা করা হয়েছিল।