সারাদেশ

পরিবারের আপত্তিতে জুলাই শহীদ শাহরিয়ারের মরদেহ উত্তোলন স্থগিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

পরিবারের আপত্তিতে জুলাই শহীদ শাহরিয়ারের মরদেহ উত্তোলন স্থগিত
পরিবারের আপত্তিতে জুলাই শহীদ শাহরিয়ারের মরদেহ উত্তোলন স্থগিত। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ শাহরিয়ার শুভর মরদেহ উত্তোলনের কার্যক্রম পরিবারিক আপত্তির কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী মেজিস্ট্রেট আশফাকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কবরস্থানে শাহরিয়ারের কবর উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়। এসময় জেলা পুলিশের একটি টিমও সেখানে উপস্থিত ছিল।

তবে কবরস্থান প্রাঙ্গণে উপস্থিত হয়ে শহীদ শাহরিয়ার শুভর পরিবারের সদস্যরা লাশ উত্তোলনের বিরোধিতা করেন। তারা অনুরোধ করেন, প্রিয়জনের মরদেহ আর না তুলতে। পরে পরিবারের লিখিত আপত্তি গ্রহণ করে নির্বাহী মেজিস্ট্রেট লাশ উত্তোলন কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।

এর আগে, গত ২৪ জুলাই চলমান আন্দোলনের সময় ১৯ জুলাই মিরপুরে গুলিবিদ্ধ হন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আবু সাইদের মেজো ছেলে শাহরিয়ার শুভ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।

পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রামে এনে শংকরচন্দ্র কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন পর তদন্তের স্বার্থে ঢাকা সিএমএম আদালত তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হাসান দলু এবং স্থানীয় এলাকাবাসী।