সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে দুই ফাইটার মোরগসহ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪৯ পিএম

সাতক্ষীরা সীমান্তে দুই ফাইটার মোরগসহ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী ভোমরা, বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ দল সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি ফাইটার মোরগ জব্দ করে। একই উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে বৈকারী বিওপির সদস্যরা ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।

অন্যদিকে, কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ভারতীয় ওষুধ জব্দ করে। একই উপজেলার রাজপুর মাঠ এলাকা থেকে মাদরা বিওপির সদস্যরা ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেন।

বিজিবি জানায়, জব্দ করা এসব ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংসের জন্য বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।