সারাদেশ
ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু: রুহী
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী বলেছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের নিরবতা এবং প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও তার দোসরদের প্রতি মানবিক অবস্থানকে তারা দুর্বলতা হিসেবে নিয়েছে। এর সুযোগে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
শনিবার (২০ জুন) বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ‘নির্দেশদাতাদের’ দ্রুত গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রুহী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হাজার হাজার আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, বহু রাজনৈতিক নেতাকে আহত ও পঙ্গু করেছে। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর ঘটনা এবং বিভিন্ন গুম-নির্যাতনের ঘটনাও তুলে ধরে তিনি অভিযোগ করেন, দেশে দমন-পীড়নের রাজনীতি চালানো হয়েছে।
তিনি আরও বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ ধ্বংস করা হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগ-যুবলীগ শিক্ষাঙ্গনকে অস্ত্র ও মাদকের কেন্দ্রে পরিণত করেছে এবং অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, “ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু।”
এ সময় তিনি অভিযোগ করেন, ২৩ তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে—এমন তথ্য গোয়েন্দাদের কাছে আছে বলেও দাবি করেন। তিনি সীমান্ত হত্যা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠান, জেলা খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলেম ও রাজনৈতিক নেতারা।