সারাদেশ

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ
জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জামালপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সরকারি শিশু পরিবার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সানোয়ার হোসেন।

বক্তারা জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর গুরুত্ব, মৎস্য খাতের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ মৎস্যজীবী ও মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।