সারাদেশ

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, কোনো দুর্নীতি চলবে না: হাসনাত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

সরকারি বেতন-ভাতা নিয়েই চাকরি করতে হবে, কোনো দুর্নীতি চলবে না: হাসনাত
ছবিঃ সংগৃহিত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন-ভাতা দেয়, তা নিয়েই চাকরি করতে হবে, ঘুস দুর্নীতি চলবে না। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

হাসনাত বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোন দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানায় এখন থেকে কোন থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ লোকদেরকে পাঠিয়ে তদন্ত করে দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। আমি আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি। একজন দালালের নাম উল্লেখ করে তিনি ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে তিনি তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।  

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সরকার আপনাদেরকে যে সুবিধা দেয় সেগুলোর মধ্য দিয়েই জনগণকে সেবা দিতে হবে। এখানে অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। আপনাদের ঘুসের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।  

এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গোমতীর মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন। 

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।