সারাদেশ

কাজের প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ২


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পিএম

কাজের প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ৪ শিশুসহ ৮ বাংলাদেশিকে ভারতে পাচারের চেষ্টাকালে উদ্ধার করেছে পুলিশ। প্রতারক চক্রটি তাদের সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় জীবননগর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃতরা নড়াইল জেলার লোহাগড়া থানার দোহা মল্লিকপুর গ্রামের বাসিন্দা। তারা আগে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন এবং কয়েক মাস আগে দেশে ফিরে আসেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা যশোর ও চুয়াডাঙ্গার একটি দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন।

দালালরা তাদের ভারতে কার্টুন তৈরির ভালো কাজের প্রলোভন দেখায় এবং বিনিময়ে ১ লাখ ৬০ হাজার টাকা চুক্তি করে। ৫ এপ্রিল ভোরে সীমান্ত পার করে দেওয়ার কথা বলে জীবননগর থানাধীন বেনীপুর এলাকায় তাদের নিয়ে আসা হয়।

রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী এলাকায় অবস্থানকালে দালাল ফারুক হোসেন ও ইসরাফিল হোসেন তাদের ভারতে প্রবেশ না করিয়ে কৌশলে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে রাকিব মোল্লাকে বেধড়ক মারধর করে দালালরা পালিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে জীবননগর থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে বেনীপুর মাঠপাড়ার ইসরাফিল (৩২) ও উজ্জ্বল হোসেন (৪০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নড়াইল জেলার বাসিন্দা রাকিব মোল্লা (৩৭), নাইস মিনা খানম (৩০), লিমন মোল্লা, সাথী খাতুন (২৫) এবং শিশু রিহান, ফাতেমা, ফারিয়া ও ইসমাইলকে উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি দালাল চক্র ৪ শিশুসহ ৮ জনকে ভারতে পাচারের চেষ্টা করছে। তাৎক্ষণিকভাবে জীবননগর থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলে বেনীপুর সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

অবৈধ পথে সীমান্ত পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দালালদের প্রলোভনে পা না দিতে এবং সন্দেহজনক কোনো তথ্য পেলে নিকটস্থ থানাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।