সারাদেশ
মৌলভীবাজারে ধান কাটার সময় হাওরের পানিতে ডুবে কৃষকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (০৪ মে) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরের উত্তর বিলে এ ঘটনা ঘটে। নিহত রঞ্জন বাউরি কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের বাসুদের বাউরির ছেলে।
জানা গেছে, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরে কুলাউড়ার চাতলাপুর চা বাগান থেকে রঞ্জন বাউরি ধান কাটতে আসেন। ধান কাটার সময় অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পানিতে ডুবে যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।