সারাদেশ

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৩০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

টানা ৭ দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে। তিনি আরও জানান, আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা-যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭ দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ব্যতীত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের টানা ৭ দিনের ছুটিতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।