সারাদেশ

টাঙ্গাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূর নবীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

টাঙ্গাইলে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূর নবীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
ছবিঃ ঢাকা প্রকাশ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নূর নবীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, কমিশন বাণিজ্য এবং অফিসের গোপন তথ্য বাইরে পাচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুল নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ এপ্রিল দেলদুয়ার উপজেলা পরিষদে উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই নূর নবী বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, চাকরির পাশাপাশি তিনি মেয়ের নামে ‘তাসফিয়া এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রশাসনিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ঠিকাদারের কাছে ওই প্রতিষ্ঠান থেকে নিম্নমানের নির্মাণসামগ্রী সরবরাহ এবং কমিশন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজন ঠিকাদার ও সরবরাহকারীর কাছ থেকে বিভিন্ন নির্মাণকাজের কমিশন নেওয়ার পাশাপাশি তিনি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ তথ্য রাজনৈতিক ব্যক্তিদের কাছে সরবরাহ করেন। এতে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে নূর নবী নিজের, স্ত্রীর ও আত্মীয়স্বজনের নামে জমি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদ ক্রয় করেছেন। স্ত্রীর নামে উপজেলার গড়াসিন ও নাল্লাপাড়া এলাকায় জমি ও দোকানপাট কেনারও অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, নূর নবীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অনেকেই জানলেও প্রভাবের কারণে প্রকাশ্যে কথা বলতে চান না। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে উপ-প্রশাসনিক কর্মকর্তা নূর নবী বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।”

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”