সারাদেশ

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর ক্যাম্পাসের পাশের জঙ্গল, লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে ১৩ বছর বয়সী এই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতীম। এরপর আর বাড়িতে ফেরেনি সে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ছেলের নিখোঁজের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানিয়েছিলেন অপ্রতীমের মা ড. নাহিদা বেগম। ছেলেকে খুঁজে পেতে সবার সহযোগিতাও চেয়েছিলেন তিনি।

অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও তার স্বজনরা।