সারাদেশ

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি মেনে নেব না: অপ্রতিমের মা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি মেনে নেব না: অপ্রতিমের মা
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা কোটবাড়ি গন্ধমতিতে অপ্রতিমের বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় আইনজীবীদের কাছে অভিযোগ তুলে ধরেন নাহিদা বেগম।

তিনি বলেন, ‘আমার ছেলেকে বিভিন্ন আইডি থেকে ব্লেইম করা হচ্ছে। আমার ছেলে কিছু বোঝে? আমার দুধের শিশুকে অপরাধী বানাতে চাইলে আমি এটা কখনোই মেনে নেব না।’

নাহিদা বেগম আরও বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছেলেকে নানা উপায়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কারণে তার ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তিনি তা মেনে নেবেন না বলেও জানান।

তিনি বলেন, ‘আমার ছেলেকে যদি ওই ঘটনার কারণে টার্গেট করা হয়ে থাকে, তাহলে এটা আমি কখনোই মেনে নেব না।’