সারাদেশ

রংপুরে হিমাগারে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম

রংপুরে হিমাগারে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট
রংপুর হিমাগার। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ধর্মদাস (বারোআউলিয়া) এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত “রংপুর হিমাগার”-এ হামলা চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করেছে। এ সময় তারা হিমাগারের কর্মচারীদের হাত-পা বেঁধে নির্যাতন করে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১ নভেম্বর) গভীর রাতে, রাত ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে। প্রায় ১৫–২০ জন মুখোশধারী ডাকাত বাঁশের তৈরি মই ব্যবহার করে হিমাগারের পেছনের দিক দিয়ে ভিতরে প্রবেশ করে। তারা হাসুয়া, রামদা, বল্লামসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

হামলার সময় ডাকাতরা নাইটগার্ড, ড্রাইভার ও কর্মচারী সাহেব আলী, ইলতুৎ মিয়া, রিয়াজুল, দুলাল, ট্রাকচালক বাবু এবং পেপসিকো কোম্পানির কর্মী সাব্বির ও সবুজ আলীকে মারধর করে ও ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর তাদের কাছ থেকে জোরপূর্বক প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এর মধ্যে সাব্বির ও সবুজ আলীর কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা, এবং অন্য কর্মচারীদের কাছ থেকে আরও ২০–২৫ হাজার টাকা লুট করা হয়। পরে ম্যানেজারের কক্ষের ফাইল ক্যাবিনেট ও টেবিলের ড্রয়ার ভাঙলেও কোনো নগদ অর্থ না পেয়ে ডাকাতরা সিসিটিভির ডিভিআর মেশিনটি খুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদের কথাবার্তায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও ঢাকাইয়া আঞ্চলিক ভাষার সংমিশ্রণ শোনা গেছে। সবাই কাপড়ের তৈরি মুখোশ পরে ছিল।

লুণ্ঠিত সামগ্রীর মধ্যে রয়েছে নগদ প্রায় ৫০ হাজার টাকা, সিসিটিভির ডিভিআর, চারটি বাটন মোবাইল ফোন এবং একটি টাচ মোবাইল সেট।

ঘটনার খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।