সোশ্যাল মিডিয়া

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে ইউটিউব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে ইউটিউব
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, যার আওতায় এবার যুক্ত হলো ইউটিউবও।

প্রাথমিকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স (সাবেক টুইটার) এবং স্ন্যাপচ্যাট নিষেধাজ্ঞার তালিকায় থাকলেও শুরুতে ইউটিউবকে বাদ রাখা হয়। তবে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনের বিশ্লেষণে দেখা গেছে, ১০ থেকে ১৫ বছর বয়সীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্টের উৎস ইউটিউব। তাই প্ল্যাটফর্মটিকে নিষেধাজ্ঞার আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীরা ইউটিউবে ভিডিও দেখতে পারলেও তারা আর নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবে না। ফলে ভিডিও আপলোড, লাইক, মন্তব্য করা বা সাবস্ক্রাইব করার সুযোগ তাদের থাকবে না।

গুগল, ইউটিউবের মূল মালিকানাধীন প্রতিষ্ঠান, শুরুতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তোলে এবং এটিকে ‘মতপ্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ’ বলে দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দেয়। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানান, “সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে, আর আমরা সেই ক্ষতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি।”

তিনি আরও বলেন, “এই নিষেধাজ্ঞা কোনো যাদুমন্ত্র নয়, তবে এটি বড় ধরনের পার্থক্য গড়ে দেবে।”

অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য দেশকে ভাবিয়ে তুলেছে। নরওয়ে এবং যুক্তরাজ্য ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা শুরু করেছে।

উল্লেখ্য, এই আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোকে ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে। তবে শিক্ষা, স্বাস্থ্য, মেসেজিং বা গেমিং অ্যাপগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না, কারণ এসবের ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে মনে করছে অস্ট্রেলিয়া সরকার।