খেলা

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, বন্ধ হয়ে গেল সাকিবের দেশে ফেরার পথ!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, বন্ধ হয়ে গেল সাকিবের দেশে ফেরার পথ!
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকা সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নানা চেষ্টা চালিয়ে আসছিল। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাকিবের ক্রিকেটে অবদান নিয়ে আলোচনা চলছিল, এবং সাবেক ক্রিকেটাররা, যেমন খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকসহ আরও অনেকে গণমাধ্যমে সাকিবের দলে ফেরার প্রয়োজনীয়তা তুলে ধরছিলেন।

এছাড়া, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদও সাকিবের ফিরে আসার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পরও সাকিবকে দলে ফেরানোর বিষয়ে কথা বলেন। খালেদ মাহমুদ সুজন বার বার উল্লেখ করেছেন, সাকিবের রাজনৈতিক অবস্থান বিবেচনা না করে তার ১৭ বছরের ক্রিকেটীয় অবদানকেই সামনে রাখা উচিত।

sakib al hasan1_Dhakaprokash.jpg

তবে গত ১৫ আগস্ট সাকিব তার ফেসবুকে একটি পোস্টে জাতীয় শোক জানান এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করেন। এই পোস্টে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেছে বলে অনেকের ধারণা। দেশের ক্রিকেট মহলে এখন এই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

সরকারের নজরে এসেছে সাকিবের এই পোস্ট। ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সাকিবকে নিয়ে এখন কোনো আগ্রহ নেই। মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাকিবের পোস্টের কারণে তার দেশে ফেরার সম্ভাবনা আর থাকছে না। তাদের মতে, "২০২৪ পরবর্তী যারা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্ত, তারা সাধারণ জনগণের মনোভাব বুঝতে পারছেন না, এবং সাকিব নিজের সম্ভাবনা নিজেই শেষ করেছেন।"