খেলা
সৈকতের পর এবার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি
শরফুদ্দৌলা সৈকতের পথ ধরে এবার বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার, যিনি ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। যদিও আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জেসি নিজেই জানিয়েছেন—তিনি ইতোমধ্যে সবুজ সংকেত পেয়ে গেছেন।
বিশ্বকাপে আম্পায়ারিংয়ের এই স্বপ্নের খবরটি পান সৌদি আরবের মক্কায় অবস্থানকালে। আইসিসির ই-মেইল হাতে পেয়ে আবেগ সামলাতে পারেননি, অঝোরে কেঁদেছেন। এক ক্রীড়া ওয়েবসাইটকে তিনি বলেন, "আমি মক্কায় ছিলাম, যখন আইসিসি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছি। সংবাদটা পেয়ে অনেক কেঁদেছি আগে।"

এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন জেসি। তবে বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ চাওয়া ছিল তার দীর্ঘদিনের স্বপ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পেলেও এবার ওয়ানডে বিশ্বকাপে ডাক পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন। তার ভাষায়, “আলহামদুলিল্লাহ। এটার জন্য এত দিন অপেক্ষা করছিলাম। টি-টোয়েন্টিতে আশা করেছিলাম, হয়নি। আল্লাহ বড়টা লিখে রেখেছেন। এবার সুযোগ এলো, আলহামদুলিল্লাহ।”
জেসি হলেন নারী-পুরুষ মিলিয়ে দ্বিতীয় বাংলাদেশি, যিনি ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার আগেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অভিষেক হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। কাকতালীয়ভাবে সৈকতের অভিষেক হয়েছিল ভারতে—জেসির ক্ষেত্রেও তা-ই হতে পারে। যদিও এবারের নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, দুই দেশই আয়োজক। ফলে ঠিক কোথায় দায়িত্ব পালন করবেন, তা সময়ই বলে দেবে।

বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে, ২ অক্টোবর। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে মাঠে নামবে লাল-সবুজের দল, আর অন্যপ্রান্তে ভিন্ন ভূমিকায় দেখা যাবে জেসিকে।
জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন জেসি। খেলোয়াড়ি ক্যারিয়ার ছোট হলেও, আম্পায়ারিংয়ে তার অভিজ্ঞতা বেশ বিস্তৃত। সীমিত ওভার ও ঘরোয়া ক্রিকেটে বহু ম্যাচ পরিচালনা করেছেন। ছিলেন নারী এশিয়া কাপ ও নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচেও। এসব অভিজ্ঞতা ও পেশাদারিত্বই তাকে পৌঁছে দিলো বিশ্বকাপের মঞ্চে।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি নিঃসন্দেহে একটি গর্বের মুহূর্ত। খেলার মাঠে যেমন ইতিহাস তৈরি হয়, তেমনি মাঠের বাইরেও তৈরি হয় গল্প—সেই গল্পেরই অন্যতম নায়িকা হয়ে উঠছেন সাথিরা জাকির জেসি।