খেলা
ক্রিকেটে বাদ যাবে না মাদ্রাসার ছাত্ররাও, সবার সমান অধিকার হওয়া উচিত: বিসিবি সভাপতি
বাংলাদেশের ক্রিকেটকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরও ক্রিকেটের আওতায় আনতে চায় সংস্থাটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক প্রতিভা বিকাশের ধারাবাহিকতায় বিসিবি আলাদা ‘মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট’ চালুর পরিকল্পনা করছে।
বিসিবির নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “আমরা চাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেট ছড়িয়ে পড়ুক। স্কুল ও কলেজের মতো মাদ্রাসাগুলোকেও ক্রিকেটের মূলধারায় আনতে হবে। কারণ, ক্রিকেটে সবার সমান সুযোগ ও অধিকার থাকা উচিত।”
বুধবার রাতে বিসিবির ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানে সভাপতি আরও বলেন, “এখনও বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে আমরা মাদ্রাসা ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছি। কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। আপাতত ছোট ফরম্যাটে (সংক্ষিপ্ত ওভার) আয়োজনের কথা ভাবছি।”
বুলবুল জানান, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র পড়াশোনা করে। তাদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করতে পারলে ভবিষ্যতে সেখান থেকেও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। আমরা চাই তারা সবাই ক্রিকেটের ভক্ত হোক, খেলুক এবং নিজেদের সম্ভাবনা প্রকাশের সুযোগ পাক।”
বিসিবি সূত্রে জানা গেছে, মাদ্রাসা ক্রিকেটে ১০ ওভারের সংক্ষিপ্ত ফরম্যাট বিবেচনা করা হচ্ছে। বিশেষভাবে পরিকল্পনা রয়েছে, মাগরিবের নামাজের আগে-পরে সময়কে কাজে লাগিয়ে এই ম্যাচগুলো আয়োজন করার। এতে ধর্মীয় ও শিক্ষাগত কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে খেলাধুলার পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে বোর্ড।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসাগুলোর হাজারো শিক্ষার্থী ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ পাবে— যা বাংলাদেশে ক্রিকেটের ভিত্তিকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।