খেলা
ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারলো বাংলাদেশ
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি বাংলাদেশের। বোলাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৪৯ রানে থামালেও সেই ছোট লক্ষ্যও তাড়া করতে পারেনি টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
বুধবার (২৯ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে হারিয়েছে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।
রান তাড়ায় শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন ওপেনার সাইফ হাসান। একবার জীবন পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি—১১ বল খেলে মাত্র ৫ রান করে বিদায় নেন। লিটন দাস শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৭ বলে ২৩ রানে বোল্ড হন তিনি। তাওহিদ হৃদয় ১৪ বলে ১২ করে ফিরে যান।
এক প্রান্তে দৃঢ় ছিলেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম। দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে ফিফটি তুলে নেন ৩৮ বলে। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ৪৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৬১ রানে ফেরেন তিনি। জাকের আলী (১৭), শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব—কেউই দলকে জয়ের পথে নিতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড ও আকিল হোসেন নেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। অলিক আথানাজে ও শাই হোপ মিলে দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ১০৫ রানের বিশাল জুটি গড়েন। দুজনই ফিফটি করেন। তবে এক সময় ১১ ওভারে ১ উইকেটে ১০৬ রান থাকা দলটি শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থেমে যায়।
বাংলাদেশের স্পিনাররা শেষদিকে দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরান দলকে। নাসুম আহমেদ টানা দুই বলে আথানাজে (৩৩ বলে ৫২) ও রাদারফোর্ডকে (০) ফেরান। এরপর মোস্তাফিজুর রহমান ফেরান হোপকে (৩৬ বলে ৫৫)। রিশাদ হোসেনও তুলে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট—রভম্যান পাওয়েল (৩) ও জেসন হোল্ডার (৪)।
১ উইকেটে ১০৬ থেকে ১১৮ রানে ৬ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে শেষদিকে সামান্য ভরসা দেন রোমারিও শেফার্ড (১৬ বলে ১৩) ও রস্টন চেজ (১৫ বলে অপরাজিত ১৭)।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ নেন ৩টি, নাসুম ও রিশাদ নেন ২টি করে উইকেট।
বোলারদের এমন লড়াইয়ের পরও ব্যাটারদের ব্যর্থতায় হাতছাড়া হলো জয়ের সুযোগ। ফলে এক ম্যাচ বাকি থাকতেই দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।