খেলা

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যকার চলমান কূটনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পিসিবি।

জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড ইতোমধ্যে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ দলের অনীহার কারণে টুর্নামেন্টের সূচি ও ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই প্রস্তাব সামনে এনেছে পাকিস্তান।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় ভেন্যু না পায়, সে ক্ষেত্রে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত। পিসিবির একটি সূত্রের দাবি, পাকিস্তানের সব আন্তর্জাতিক ভেন্যুই আইসিসির বিশ্বকাপ আয়োজনের মানদণ্ড পূরণে সক্ষম এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

পিসিবির ওই সূত্র আরও জানায়, সাম্প্রতিক সময়ে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান। এর মধ্যে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ আসর আয়োজনের অভিজ্ঞতা রয়েছে দেশটির, যা তাদের সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই জটিল পরিস্থিতির সূত্রপাত মূলত ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা থেকে। এর আগে আইপিএল ২০২৬ থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এএনআইকে জানান, বর্তমান পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মুস্তাফিজকে ছেড়ে দিতে বলা হয়েছে এবং প্রয়োজনে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুত কঠোর অবস্থান নেয়। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি ঘোষণা দেয়, বাংলাদেশ দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। একই সঙ্গে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানানো হয়।

বর্তমানে আইসিসি, বিসিসিআই ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু কোথায় হবে-তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।