খেলা

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, মেসি-রোনালদোর নাম


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, মেসি-রোনালদোর নাম

নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে প্রকাশ পেল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা। ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজনে ঘোষিত এই তালিকায় জায়গা পেয়েছেন ৩০ জন ফুটবলার, যাঁরা গত মৌসুমে নিজেদের পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছেন ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে।

তালিকায় সবচেয়ে বেশি নাম এসেছে ফরাসি ক্লাব পিএসজি থেকে। তাদের হয়ে এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন নয়জন। এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। গত মৌসুমে পিএসজি জিতেছে ফ্রান্সের সব শিরোপা, পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপে উঠেছিল ফাইনালে। সেই সফলতার প্রধান কারিগরদের মধ্যে আছেন উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোনারুমা, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, ভিতিনহা, খিচা কাভারেস্কাইয়া, জোয়াও নেভেস, ফাবিয়ান রুইজ এবং দেজিরে দুয়ে। তালিকায় জায়গা পাওয়া অন্য আলোচিত তারকাদের মধ্যে আছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের তরুণ তারকা জুড বেলিংহাম, আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস, বায়ার্ন মিউনিখের অধিনায়ক হ্যারি কেইন, লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।

bellon d or1_Dhakaprokash.jpg

লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো কেউই এবার এই তালিকায় নেই। অনেকের মতে, এটা আধুনিক ফুটবলের এক যুগের অবসানকেও ইঙ্গিত করছে। তবে নতুন প্রজন্মের তারকারা যেভাবে জায়গা করে নিচ্ছেন, তাতে আগামী ব্যালন ডি’অর ঘিরে জমজমাট প্রতিযোগিতা দেখা যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এবার ব্যালন ডি’অর দেওয়া হবে মোট দশটি বিভাগে, যার মধ্যে পুরুষদের বিভাগটি সবচেয়ে আলোচিত। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে ৩০ জনের এই তালিকা থেকে একজনের হাতে উঠবে বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি।