খেলা

চূড়ান্ত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলা?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম

চূড়ান্ত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলা?
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর। নভেম্বর মাসে কেরালার তিরুবনন্তপুরমে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শনিবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)।

এএফএ জানিয়েছে, ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমের গ্রীনফিল্ড স্টেডিয়ামে। যদিও প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি, তবে এই সফর নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাতেও একটি প্রীতি ম্যাচ খেলবে, যার ভেন্যু হবে রাজধানী লুয়ান্ডা।

আর্জেন্টিনার বিবৃতিতে বলা হয়েছে- “লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দল ২০২৫ সালের আগে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে। একটি যুক্তরাষ্ট্রে অক্টোবরে, অন্যটি নভেম্বরে অ্যাঙ্গোলা ও ভারতে।”

argentina1_Dhakaprokash.jpg

সবচেয়ে বড় প্রশ্ন—আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন কি লিওনেল মেসি? এএফএ’র বিবৃতিতে এ নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ফলে ভারতীয় সমর্থকদের জন্য অপেক্ষা আরও কিছুদিনের।

এর আগে গুজব ছড়ায়, ব্যক্তিগত সফরে মেসি ভারতের চারটি শহর—কলকাতা, মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদ—ভ্রমণ করবেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

আর্জেন্টিনার ভারত সফর ঘিরে মাঝখানে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। কেরালা সরকার, স্পনসর এবং AFA কর্মকর্তাদের মধ্যে মতবিরোধের কারণে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমনকি কেরালার ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, দলটি আর আসছে না। অপরদিকে স্পনসররা হুমকি দিয়েছিল AFA’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। তবে সব কিছু কাটিয়ে অবশেষে সফরটি চূড়ান্ত হলো।

আর্জেন্টিনা এর আগে একবারই ভারত সফর করেছে, ২০১১ সালে। সেবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল দলটি। মেসিও সে দলে ছিলেন এবং তখনকার সেই ম্যাচ ভারতীয় ফুটবলে ইতিহাস হয়ে রয়েছে।