খেলা
১৮ বছরের ইয়ামালের প্রেমিকা ২৫ বছরের আর্জেন্টাইন গায়িকা
ফুটবল মাঠে তিনি বাজিমাত করছেন নিয়মিত, এবার প্রেমের মাঠেও চমক দিলেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। কয়েক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল–এর সঙ্গে প্রেম করছেন ইয়ামাল। এবার সেই গুঞ্জনেই সিল মেরে দিলেন নিজেই।
সোমবার (২৫ আগস্ট) নিকির ২৫তম জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ইয়ামাল।

ছবিতে দেখা যায়—নিকির কোমর জড়িয়ে হাসিমুখে বসে আছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। সামনের টেবিলে কেক, গোলাপের পাপড়ি, আর পেছনে বিশাল ফুলের তোড়া—সব মিলিয়ে যেন ভালোবাসার এক নিখুঁত মুহূর্ত।
ছবির সঙ্গে কয়েকটি লাভ ইমোজিও জুড়ে দেন ইয়ামাল। আর তাতেই ভক্তদের মনে আর কোনো সন্দেহের জায়গা রইল না—ভালোবাসায় মজেছেন ১৮ বছরের ইয়ামাল ও ২৫ বছরের নিকি!

শুধু ইনস্টাগ্রামের ছবি নয়, তাদের সম্পর্কের ইঙ্গিত মিলছিল আরও আগেই। মৌসুম শেষ হতেই পুরো গ্রীষ্মটা একসঙ্গেই কাটিয়েছেন তারা। মোনাকোর রোমান্টিক সফর থেকে শুরু করে ফ্রেঞ্চ রিভিয়েরার বিলাসবহুল হোটেলে থাকা—সব জায়গায় হাত ধরাধরি করে ঘুরে বেড়িয়েছেন দুজন।
এরও আগে, বার্সেলোনার গ্যাম্পার স্টেডিয়ামে ইয়ামালের এক ম্যাচে গ্যালারিতে ছিলেন নিকি। এমনকি ইয়ামালের বিতর্কিত জন্মদিন পার্টিতেও তিনি ছিলেন আমন্ত্রিত। জুলাই মাসে এক নাইটক্লাবে তাদের চুম্বনের ছবিও ভাইরাল হয়।