খেলা

মর্যাদার লড়াইয়ে আজ রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যেভাবে দেখবেন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

মর্যাদার লড়াইয়ে আজ রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যেভাবে দেখবেন
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে ম্যাচ মানেই অতিরিক্ত চাপ, বাড়তি উত্তেজনা। সেই চাপ মাথায় রেখেও মর্যাদার লড়াইয়ে আজ মঙ্গলবার রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে দুই দলই বিদায় নিয়েছে। তাই আজকের ম্যাচের লক্ষ্য- মাঠ ছাড়বেন মাথা উঁচু করে।

বাংলাদেশ–ভারত ফুটবল লড়াইয়ে শেষ জয়ের স্মৃতি অনেক পুরোনো। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বহুবার মুখোমুখি হলেও আর জয়ের দেখা মিলেনি। সেই দুই যুগের আক্ষেপ ঘুচানোর সুযোগ এসেছে আজ- এমটাই বলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

bangladesh_india1_Dhakaprokash.jpg

এদিকে রাতের ম্যাচ নিয়ে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন হামজা চৌধুরী। এ নিয়ে সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা।

পোস্টে তিনি লেখেন, ‌‌‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’

bangladesh_india2_Dhakaprokash.jpg

আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোমদের আগমন ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে যায়। অনেক সমর্থক ম্যাচটি দেখবেন বড় পর্দা, টেলিভিশন বা মোবাইলের মাধ্যমে।

যারা মাঠে যেতে পারছেন না তাদের জন্য টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া যারা টিভির সামনে থাকতে পারবেন না, তাদের জন্য টি-স্পোর্টসের অ্যাপেও ম্যাচ দেখার সুযোগ রয়েছে সাবস্ক্রিপশনের মাধ্যমে। এ ছাড়া লাইভ স্কোর জানার জন্য রয়েছে অলফুটবল ও সোফাস্কোরের মতো অ্যাপ।