খেলা

মেসির কাছে  প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

মেসির কাছে  প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
ছবি: সংগৃহীত

সল্টলেক স্টেডিয়ামে আজ লিওনেল মেসির অনুষ্ঠানকে ঘিরে সৃষ্ট নজিরবিহীন বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

শনিবার হাজার হাজার ভক্ত মেসিকে এক ঝলক দেখতে এসে হতাশ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু সন্ধ্যা নাগাদ স্থানীয় রাজনীতিবিদ ও ভিভিআইপিদের বাড়াবাড়ি শুরু হলে গ্যালারিতে থাকা দর্শকদের দেখার পথে বাধা সৃষ্টি হয়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা বোতল ও চেয়ার ছোড়ার পাশাপাশি ব্যারিকেড ভাঙতে শুরু করেন।

এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে বিচলিত ও মর্মাহত। আমি নিজেও হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্ত যারা প্রিয় ফুটবলার মেসিকে দেখতে সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার পথে ছিলেন, তাদের সঙ্গেই ছিলাম।’ 

মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্য সচিব থাকবেন।

মমতা ব্যানার্জি লেখেন, ‘কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায় ঠিক করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দেবে। আবারও সব ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক ক্ষমাপ্রার্থনা।’ 

অনেক দর্শক অভিযোগ করেন, টাকা দিয়েও তারা মেসিকে ঠিকভাবে দেখতে পাননি। এক দর্শক বলেন, ‘টিকিটের সর্বনিম্ন দাম ছিল পাঁচ হাজার টাকা। তাহলে মেসির চারপাশে ভিভিআইপিরা কেন ছিল? আমরা তাকে দেখতেই পেলাম না। পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? সবাই খুব রেগে গিয়েছিল। আমরা টাকা ফেরত চাই।’ আরেকজন বলেন, ‘এটা একেবারে লজ্জাজনক ঘটনা। আমরা ভেবেছিলাম মেসি পুরো স্টেডিয়াম ঘুরবেন। তা হয়নি।’