খেলা

‘ব্রাজিলকে সম্মান দিন, অন্য কোনো দলের বুকে পাঁচ তারকা নেই’


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫২ এএম

‘ব্রাজিলকে সম্মান দিন, অন্য কোনো দলের বুকে পাঁচ তারকা নেই’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলকে ফেবারিট তালিকা থেকে বাদ দেওয়া এবং খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে ওঠা সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার স্পষ্ট করে বলেছেন, ব্রাজিলকে অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ তাদের বুকে জ্বলজ্বল করছে পাঁচটি বিশ্বকাপ জয়ের গৌরব।

সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে করা নেতিবাচক মন্তব্যগুলো উড়িয়ে দেন গিমারেস। সম্প্রতি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে মন্তব্য করেছিলেন, বর্তমান ব্রাজিল দলে আলাদা করে চেনার মতো বড় কোনো তারকা নেই। এছাড়া মেক্সিকোর কিংবদন্তি হুগো সানচেস দাবি করেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল সর্বোচ্চ ষষ্ঠ স্থান পর্যন্ত যেতে পারবে।

এমন সমালোচনার জবাবে গিমারেস বলেন, অনেকেই শুধু মনোযোগ আকর্ষণের জন্য এসব কথা বলেন। তাঁর ভাষায়, ব্রাজিল যেকোনো টুর্নামেন্টে অংশ নিলেই ফেবারিট থাকে এবং অন্য কোনো দলের বুকে তাদের মতো পাঁচটি তারকা নেই।

সতীর্থ ভিনিসিউস জুনিয়র ও রাফিনিয়াদের উদাহরণ টেনে তিনি বলেন, মাঠের লড়াইয়ে অতীতের অর্জন প্রভাব ফেলে না, তবে বর্তমান দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বের সেরা ক্লাবগুলোতে ব্রাজিলের খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম হয়ে মূল পর্বে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির দল। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার তুলনায় তারা ১০ পয়েন্ট পিছিয়ে ছিল। তবে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটির। রিও ডি জেনিরোতে পানামাকে ৬-২ গোলে হারানোর পর ওহাইওতে মিসরকে পরাজিত করে তারা।

আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

তবে টুর্নামেন্ট শুরুর আগে চোটের ধাক্কা লেগেছে ব্রাজিল শিবিরে। ঊরুর চোটে দল থেকে ছিটকে গেছেন রোমার রাইট ব্যাক ওয়েসলি। তার পরিবর্তে আতালান্তার মিডফিল্ডার এদেরসনকে দলে নিয়েছেন কোচ আনচেলত্তি।

এদিকে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারকে নিয়েও শঙ্কা রয়েছে। ২০২৩ সালের পর জাতীয় দলে না খেলা এই তারকা খেলোয়াড় চোটের ঝুঁকি নিয়েই দলে ছিলেন। তবে কাফ মাসলের নতুন চোটের কারণে গ্রুপ পর্বে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।