খেলা

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩৯ এএম

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতাতে প্রস্তুত কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শাকিরা ও নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা বার্না বয় যৌথভাবে পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন ও জনপ্রিয় ব্যান্ড মানাসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।

এবারের উদ্বোধনী ম্যাচে ফিরে আসছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ১৬ বছর আগে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। তবে এবার নিজেদের মাঠে খেলবে মেক্সিকো, আর প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকাই।

মেক্সিকোর রক্ষণভাগকে এবারের আসরে অন্যতম শক্তিশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলতে দক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখিয়েছে আফ্রিকার দেশটি।

শুধু মেক্সিকোতেই নয়, বিশ্বকাপের উদ্বোধনী উৎসব ছড়িয়ে পড়বে আরও দুই আয়োজক দেশে। পরদিন বাংলাদেশ সময় একই সময়ে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

এরপর শনিবার (১৩ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব। হলিউড ঘরানার এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং আনিত্তাসহ বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।