খেলা

মেসির পেনাল্টি মিসের পরই টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত ফিফার!


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

মেসির পেনাল্টি মিসের পরই টাইব্রেকারের নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত ফিফার!
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে প্রথম পেনাল্টি মিস করা খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি। নকআউট পর্বে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, নকআউট মানেই স্নায়ুচাপের লড়াই, আর ম্যাচ যদি গড়ায় টাইব্রেকারে, তখন প্রতিটি শট হয়ে ওঠে মানসিক দৃঢ়তা ও ভাগ্যের পরীক্ষা।

এমন পরিস্থিতিতে টাইব্রেকার পদ্ধতি নিয়েই নতুন করে ভাবতে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে তারা।

বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি আলাদা কয়েন টস অনুষ্ঠিত হয়। প্রথম টসে নির্ধারণ করা হয় কোন দল আগে শট নেবে এবং দ্বিতীয় টসে ঠিক করা হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার হবে। তবে ফিফা এখন এই দুই টসের পরিবর্তে একটি টস চালুর প্রস্তাব দিয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, টসে জয়ী দল দুটি সুবিধার মধ্যে একটি বেছে নিতে পারবে—তারা আগে শট নেবে, অথবা নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেওয়ার সুযোগ পাবে। অন্য সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে পাবে টসে হেরে যাওয়া দল।

বর্তমান ব্যবস্থার বড় সমালোচনা হলো, একটি দল দুই টসেই হেরে গেলে তারা কোনো সুবিধাই পায় না—না আগে শট নেওয়ার সুযোগ, না নিজেদের সমর্থকদের সামনে খেলার সুবিধা। এতে প্রতিযোগিতার ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে বলে মনে করছে ফিফা।

এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবির সঙ্গে আলোচনা হয়েছে। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শিগগিরই টাইব্রেকার পদ্ধতিতে পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।