খেলা

একই সময়ে দুই মাঠে ফিফা সভাপতি, রহস্য নিয়ে যা জানা গেল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

একই সময়ে দুই মাঠে ফিফা সভাপতি, রহস্য নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে একই সময়ে দুটি আলাদা ম্যাচের স্টেডিয়ামের বড় পর্দায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখা যাওয়ায় বিস্মিত হয়েছেন ফুটবলপ্রেমীরা। হাজার হাজার কিলোমিটার দূরের দুই ভেন্যুতে একসঙ্গে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।

গ্রুপ ‘ই’-এর শেষ রাউন্ডে বৃহস্পতিবার একই সময়ে মাঠে গড়ায় ইকুয়েডর-জার্মানি ও কুরাসাও-আইভরি কোস্ট ম্যাচ। এক ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় ইকুয়েডর। অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আইভরি কোস্ট।

তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইনফান্তিনো। দুই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তাকে দেখা যাওয়ার ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক রসিকতা করে প্রশ্ন তোলেন, ফিফা সভাপতির কোনো ‘ডুপ্লিকেট’ আছে কি না।

এ ঘটনার পেছনে রয়েছে বাস্তবসম্মত ব্যাখ্যা। টুর্নামেন্টজুড়ে একদিনে একাধিক ম্যাচে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন ইনফান্তিনো। সে অনুযায়ী তিনি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করে দ্রুত বিভিন্ন শহরে যাতায়াত করছেন।

তিন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে আয়োজিত হচ্ছে এবারের ৪৮ দলের বিশ্বকাপ। ১৬টি ভিন্ন স্টেডিয়ামে ছড়িয়ে থাকা ম্যাচের কারণে একই দিনে একাধিক ভেন্যুতে উপস্থিত থাকা কঠিন হলেও বিশেষ ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে।

জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি প্রাইভেট জেট ব্যবহার করছেন ফিফা সভাপতি। এই সুবিধার কারণে অল্প সময়ের ব্যবধানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে পৌঁছে যাচ্ছেন তিনি।

বিশ্লেষকদের মতে, দ্রুত ভ্রমণ ও আধুনিক সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ের ফলেই এমন দৃশ্য দেখা গেছে। আর এ কারণেই মাঠের খেলার বাইরে আলোচনায় উঠে এসেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।