খেলা

বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক ছুঁয়ে শীর্ষে মেসি, এমবাপের অবস্থান কোথায়?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক ছুঁয়ে শীর্ষে মেসি, এমবাপের অবস্থান কোথায়?
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচে আর গোল না পেলেও বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি।

চলতি আসরে এটি মেসির সপ্তম গোল। এর ফলে ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে এই টুর্নামেন্ট ও সর্বকালের গোলের তালিকায় আরও পেছনে ফেলেছেন তিনি। পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত ৩০ ম্যাচে ২০ গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমবাপে, যিনি ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে ব্যবধান কমানোর সুযোগ থাকছে ফরাসি ফরোয়ার্ডের সামনে।

তালিকার তৃতীয় স্থানে আছেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসা, যিনি ২৪ ম্যাচে করেছেন ১৬ গোল।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেন মেসি। পরে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করে নিজের সংগ্রহ বাড়ান। সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষে গোল করে টানা অষ্টম ম্যাচে গোলের কীর্তি গড়লেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি এর আগে কাতার বিশ্বকাপেও করেছিলেন ৭ গোল। ফুটবলের সর্বোচ্চ আসরে দুটি আলাদা বিশ্বকাপে ৭ গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোল করে যাচ্ছেন এই কিংবদন্তি।

চলতি আসরে সপ্তম গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে গেছেন মেসি। ৬ গোল নিয়ে তার পেছনে আছেন এমবাপে। এছাড়া নরওয়ের আর্লিং হালান্ড ও ইংল্যান্ডের হ্যারি কেইন ৫টি করে গোল নিয়ে প্রতিযোগিতায় রয়েছেন।