খেলা
ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে দুই ম্যাচে ৮ কার্ড দেখানো রেফারি ইসমাইল
রাউন্ড অব বত্রিশ শেষ হওয়ার পর আজ থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় দিনে আগামীকাল মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে।
রোববার (দিবাগত রাত ২টা) বাংলাদেশ সময় নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাই-ভোল্টেজ ম্যাচ। ম্যাচটি পরিচালনার জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের মূল দায়িত্ব পেয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। তার সহকারী হিসেবে থাকবেন একই দেশের কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। ফলে ম্যাচটির প্রধান তিন রেফারিই যুক্তরাষ্ট্রের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ইসমাইল এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। কড়া মেজাজের এই রেফারি ওই দুই ম্যাচে একটি লাল কার্ড ও সাতটি হলুদ কার্ড দেখিয়েছেন।
এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।
এদিকে, এই ম্যাচের জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।
রেফারি প্যানেল:
হেড রেফারি: ইসমাইল এলফাত (যুক্তরাষ্ট্র)
সহকারী রেফারি ১: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)
সহকারী রেফারি ২: কাইল অ্যাটকিন্স (যুক্তরাষ্ট্র)
চতুর্থ কর্মকর্তা: সাইদ মার্টিনেজ (হন্ডুরাস)
রিজার্ভ সহকারী রেফারি: ওয়াল্টার লোপেজ (হন্ডুরাস)