খেলা

বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:১৭ এএম

বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে হারের পরই জাতীয় দলের জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত নেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, নিজের সর্বোচ্চটাই দিয়েছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার পথচলা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি ঘটল।

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৮০টি গোলের মালিক নেইমার, পাশাপাশি রয়েছে চারটি হ্যাটট্রিক। প্রতিপক্ষ হিসেবে জাপানের বিপক্ষে সবচেয়ে বেশি, ৯টি গোল করেছেন এই তারকা।

ব্রাজিলের হয়ে তিনি জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ এবং অলিম্পিক স্বর্ণপদকও।

উল্লেখ্য, আর্লিং হলান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেয় নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইউরোপের এই দলটি।