খেলা
সমালোচনা নয়, দলকে সমর্থন করুন: নেইমার
সুদামেরিকানার শেষ ষোলোর প্রথম লেগে ইকুয়েডরের মাকারার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সান্তোস। দলটির জয়ে সরাসরি গোল না করলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার। তার করা দুটি অ্যাসিস্ট থেকেই সান্তোসের দুই গোল এসেছে।
তবে ম্যাচে দুই গোলে অবদান রাখার পরও সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। প্রথমার্ধে একটি ভুল পাস দেওয়ার পর গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় তাকে।
ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে কথা বলেন নেইমার। তিনি জানান, দল যখন পিছিয়ে ছিল তখন সমর্থকদের কাছ থেকে নেতিবাচক আচরণ না করে উৎসাহ প্রত্যাশা করেছিলেন।
নেইমার বলেন, ‘সেসময় আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। সমর্থকদের কষ্টের বিষয়টি আমি জানি। কিন্তু নেতিবাচক মানসিকতা নিয়ে স্টেডিয়ামে না এসে বাড়িতে বসে থাকা ভালো।’
তিনি আরও বলেন, ‘তখন আমি সেই সমর্থককে বলেছিলাম, সমালোচনা নয়, আমাদের সমর্থন করুন। কারণ খেলা শেষ হতে তখনও ৬০ মিনিট বাকি ছিল। দলকে উৎসাহ দিন।’
মাকারার বিপক্ষে জয় পাওয়ায় প্রথম লেগে এগিয়ে গেল সান্তোস। আর ম্যাচে গোল না পেলেও দুটি গোলে অবদান রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নেইমার।