খেলা

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, মারাকানায় হবে ফাইনাল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, মারাকানায় হবে ফাইনাল
ছবি: সংগৃহীত

আগামী বছরের জুনে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার মাটিতে বসতে যাচ্ছে নারী ফুটবল বিশ্বকাপের আসর। ব্রাজিলে অনুষ্ঠেয় ৩২ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের সূচি প্রকাশ করেছে ফিফা।

২৪ জুন শুরু হবে বিশ্বকাপ। স্বাগতিক ব্রাজিল খেলবে উদ্বোধনী ম্যাচে। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

মারাকানা ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক আবেগঘন নাম। ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে এই মাঠেই হৃদয়বিদারক পরাজয়ের মুখ দেখেছিল ব্রাজিল।

এবারের নারী বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিলের আটটি শহরে। প্রতিটি শহরে গ্রুপ পর্বের অন্তত সাতটি ম্যাচ এবং কমপক্ষে একটি নকআউট পর্বের ম্যাচ আয়োজন করা হবে। শহরগুলো হলো ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে, সালভাদর, বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলো।

ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে ও সালভাদরে অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ম্যাচ। বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো ও সাও পাওলোতে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালের ম্যাচ আয়োজন করবে সাও পাওলো ও রিও ডি জেনিরো।

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি চলতি বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।

নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। তবে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র, যারা চারবার শিরোপা জিতেছে। অন্যদিকে এখন পর্যন্ত অনুষ্ঠিত নয়টি আসরে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি স্বাগতিক ব্রাজিলের মেয়েরা। অথচ পুরুষদের বিশ্বকাপে ব্রাজিল সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে।