খেলা
শিগগিরই দেশে ফিরছেন সাকিব!
দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে দেশে ফেরার বিষয়ে কথা বলেন তিনি। এ সময় দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, “বাংলাদেশে যাব, ইনশা আল্লাহ দ্রুত। ইনশা আল্লাহ।”
সবশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হয়ে খেলেছিলেন সাকিব। এরপর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি বিদেশেই রয়েছেন।
মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন সাকিব আল হাসান। তবে জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে একটি হত্যা মামলাও রয়েছে। এসব মামলার কারণেই দেশে ফেরার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফেরানোর বিষয়ে কাজ করছে বলে জানা গেছে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের মামলার বিষয়গুলো নিয়ে কাজ চলছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাঠে খেলতে পারবেন।