খেলা

রাফিনহা নন, আনচেলত্তির মাস্টারপ্ল্যানে এবার ১৯ বছরের তরুণ ফুটবলার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩৬ এএম

রাফিনহা নন, আনচেলত্তির মাস্টারপ্ল্যানে এবার ১৯ বছরের তরুণ ফুটবলার
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এই ম্যাচের আগে দলে বড় কোনো পরিবর্তন করছেন না কোচ আনচেলত্তি। ইনজুরিতে পড়া উইঙ্গার রাফিনহার জায়গায় একাদশে সুযোগ পেতে যাচ্ছেন ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রায়ান।

নিজ গ্রুপ মরক্কোর চেয়েও গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ব্রাজিল। শীর্ষস্থান ধরে রাখার এই লড়াইয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ আনচেলত্তি। এক হলুদ কার্ড পেলেই পরবর্তী ম্যাচ মিস করবেন- এমন ঝুঁকিতে থাকা সত্ত্বেও ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোসকে বিশ্রামে দিচ্ছেন না তিনি।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো পাচ্ছি।’

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে রায়ানকে ঝালিয়ে নিয়েছেন আনচেলত্তি। লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কিই। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করতে রায়ানের ওপর দারুণ আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরু।

এদিকে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর হচ্ছে, স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। ১০ নম্বর জার্সিধারী এই তারকা আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।