খেলা

‘আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই’ সমালোচনার জবাবে আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

‘আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই’ সমালোচনার জবাবে আনচেলত্তি
ছবিঃ সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার এক বছরের বেশি সময় পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স, খেলোয়াড় নির্বাচন এবং নেইমারকে ঘিরে নানা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেছেন, সাফল্য এলে কোচকে প্রশংসা করা হয়, আর ব্যর্থতা এলে সব দায়ও তার কাঁধেই পড়ে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি যেমন ‘জিনিয়াস’ নন, তেমনি ‘স্টুপিড’ও নন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে এস. পাওলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী আনচেলত্তি জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেওয়া সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে সবাই কী বলত? যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লিকে না নামাতাম, তাহলে দোষটা কার হতো? অবশ্যই আমার। আমি সেটা খুব ভালোভাবেই বুঝি। তাই সব সিদ্ধান্তই ভারসাম্য রেখে নিতে হয়। এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’

আগামী শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন আনচেলত্তি। বিশেষ করে আর্লিং হালান্ডকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার উল্লেখ করে তিনি বলেন, নকআউট পর্বে প্রতিটি ম্যাচই কঠিন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে এসে সব ম্যাচই কঠিন। এখানে শুধু কৌশল বা প্রযুক্তিগত দিক নয়, মানসিক প্রস্তুতিও বড় বিষয়। নরওয়ে খুব ভালো দল এবং হালান্ড বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তবে আমরা আত্মবিশ্বাসী, ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে উঠতে পারব।’

জাপানের বিপক্ষে নেইমারকে শুরু থেকে না খেলানো এবং অতিরিক্ত সময় পর্যন্ত বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দেন ব্রাজিল কোচ।

আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নেইমার এখন খেলতে পারছে। তবে সে কতক্ষণ খেলতে পারবে, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। ম্যাচের গতি ও ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি মনে করব, দলকে তার প্রয়োজন, তখনই তাকে মাঠে নামাব।’

কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার পুরো ৯০ মিনিট খেলতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে সক্ষম।’

তবে বেঞ্চে বসে থাকায় নেইমার যে খুশি নন, সেটিও স্বীকার করেছেন এই অভিজ্ঞ কোচ।

তিনি বলেন, ‘সে খুশি নয়, তবে তার আচরণ দারুণ। খুব ভালো অনুশীলন করছে। সে ভদ্র, বিনয়ী এবং সতীর্থদের কাছে অত্যন্ত প্রিয়। অবশ্যই সে খেলতে চায়, যেমন সব সময় চেয়েছে। কোনো খেলোয়াড়ই বেঞ্চে বসে থেকে খুশি থাকতে পারে না, এটা স্বাভাবিক।’

বর্তমান ব্রাজিল দলে নেইমারের অনুপস্থিতিতে ভিনিসিয়ুস জুনিয়রই সবচেয়ে বড় তারকা কি না— এমন প্রশ্নের উত্তরে আনচেলত্তি দলগত দর্শনের কথাই তুলে ধরেন।

তিনি বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু জাতীয় দলে আমরা কোনো তারকা খুঁজি না। আমরা এমন উচ্চমানের ফুটবলার চাই, যারা দলকে সাহায্য করবে এবং দলগতভাবে সাফল্য এনে দেবে।’