বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক


তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম

বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
ছবি: সংগৃহীত

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে বাংলাদেশে নীতিমালাবহির্ভূত কনটেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, এ সময় দেশের ভেতর থেকে সরানো হয়েছে ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও।

টিকটক জানায়, বাংলাদেশের এসব কনটেন্ট সরানোর পেছনে মূল কারণ ছিল কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। প্ল্যাটফর্মটি আরও জানায়, এসব ভিডিওর মধ্যে ৯৯.৬ শতাংশ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয় এবং ৯৭.৭ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয় আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই।

বিশ্বজুড়ে টিকটকের এই সময়ের পরিসংখ্যান আরও বিস্ময়কর। জানানো হয়, এ প্রান্তিকে মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। যা টিকটকে আপলোড হওয়া মোট ভিডিওর ০.৯ শতাংশ। এর মধ্যে প্রায় ১৮ কোটি ৪৩ লাখ ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়।

তবে সব ভিডিওই যে প্ল্যাটফর্মে নিষিদ্ধ থেকে যায় তা নয়। যাচাই-বাছাইয়ের পর ৭৫ লাখ ২৫ হাজার ভিডিও আবারও ফিরিয়ে আনা হয় টিকটকে।