বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

আজ রাত থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ এএম

আজ রাত থেকে তিন দিন ইন্টারনেট ধীরগতি থাকতে পারে
ছবি: সংগৃহীত

দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সাময়িক ধীরগতির সতর্কতা জারি করা হয়েছে। সাবমেরিন ক্যাবল সিস্টেমে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে আগামী ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট সময় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চার দিন ধরে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সরাসরি প্রভাবিত হতে পারে, কারণ কাজটি ট্রাফিক ইফেক্টিং। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটে ধীরগতি বা আংশিক সংযোগ সমস্যার সম্মুখীন হতে পারেন।

তবে বিকল্প সাবমেরিন ক্যাবল ব্যবহারের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু রাখা হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে, যাতে দ্রুত স্বাভাবিক সেবা নিশ্চিত করা যায়।