পর্যটন
সাজেকে পাহাড়ধসে যোগাযোগ বন্ধ, আটকা পড়েছেন ৪২৫ পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভারি বর্ষণের ফলে ভয়াবহ পাহাড়ধস হয়েছে। এতে একাধিক স্থানে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যার কারণে সাজেক পর্যটন কেন্দ্রে অন্তত ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে টানা ভারী বৃষ্টির কারণে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। বিশেষ করে নন্দারাম এলাকায় ধসের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, অন্তত তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে বড় বড় পাথর ও গাছপালা সড়কে এসে পড়েছে। এতে পুরো সাজেক–বাঘাইহাট সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় মানুষ ও প্রশাসনের সহায়তায় মাটি সরানোর চেষ্টা চলছে, তবে ভারী যন্ত্রপাতি ছাড়া তা সম্ভব নয়।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, "বর্তমানে সাজেকে ৪২৫ জন পর্যটক অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দ্রুত সড়ক চালু করতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।"
পাহাড়ধসের খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। সেনাবাহিনীর সহায়তায় ভেকু ও অন্যান্য ভারী যন্ত্রপাতি দিয়ে পাথর ও গাছপালা সরানোর কাজ চলছে।
সড়ক চলাচল উপযোগী না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।