শিল্প-সংস্কৃতি

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী আজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৪:৩৬ পিএম

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী আজ
চিত্রশিল্পী এস এম সুলতান। ছবি: সংগৃহীত

মানবজীবনের সুর-ছন্দ, ইতিহাস-ঐতিহ্য, দ্রোহ-প্রতিবাদ এবং প্রতিকূলতার মধ্যেও আবহমান বাংলার মানুষের টিকে থাকার গল্প তুলে ধরা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আজ জন্মবার্ষিকী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর স্মরণে কর্মসূচি পালন করছে।

১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এস এম সুলতান। বাবা শেখ মোহাম্মদ মেসের আলী ছিলেন রাজমিস্ত্রি, মা মোছাম্মদ মেহেরুননেসা গৃহিণী। পরিবারের একমাত্র সন্তান সুলতানকে স্নেহ করে ‘লাল মিয়া’ নামে ডাকতেন তাঁর বাবা-মা। দারিদ্র্যের কারণে প্রাথমিক শিক্ষার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি বাবার রাজমিস্ত্রির কাজে যুক্ত হন। তবে দেয়াল ও দালানে ছবি আঁকাই হয়ে ওঠে তাঁর শিল্পযাত্রার সূচনা।

১৯৩৮ সালে স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহায়তায় কলকাতায় যান সুলতান। ১৯৪১ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর একাডেমির নিয়ম ভেঙে বেরিয়ে পড়েন স্বাধীন শিল্পচর্চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় উপমহাদেশের বিভিন্ন শহরে সৈন্যদের ছবি এঁকে জীবিকা নির্বাহ করেন।

১৯৫০ সালে ইউরোপ সফরে যৌথ প্রদর্শনীতে তাঁর চিত্রকর্ম স্থান পায় পাবলো পিকাসো, সালভেদর দালি, মাতিস, পলক্লী প্রমুখ বিশ্বখ্যাত শিল্পীদের ছবির সঙ্গে। তিনি ছিলেন একমাত্র এশিয়ান শিল্পী, যাঁর ছবি সেই প্রদর্শনীতে স্থান পেয়েছিল। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে তাঁর একক প্রদর্শনী সুলতানকে দেশের সুশীল সমাজে নতুনভাবে পরিচিত করে তোলে।

শিল্পে অবদানের জন্য এস এম সুলতানকে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে রেসিডেন্স আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক প্রদান করা হয়।