ক্যাম্পাস
নিরাপত্তা ও শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা: ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্ধারিত তারিখ নিরাপত্তা পরিস্থিতি ও শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে ঘোষণা করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
রবিবার (২০ জুলাই) ডাকসু নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচনের সম্ভাব্য একটি সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। তবে তারিখ চূড়ান্ত করতে আমাদের কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীজন—তাদের নিরাপত্তা-সংক্রান্ত মতামতকে গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য সহজতর দিন যেমন ছুটির দিন বা মঙ্গলবারে ভোটগ্রহণের বিষয়টিও বিবেচনায় রাখা হবে। কারণ মঙ্গলবার আমাদের আশপাশের এলাকা সাধারণত বন্ধ থাকে, এতে শিক্ষার্থীদের চলাচলে সুবিধা হয়। একই সঙ্গে দেখতে হবে—সেই দিনে কোনো জাতীয় দিবস বা বড় আয়োজন রয়েছে কি না। সব বিবেচনার ভিত্তিতে নির্বাচন কমিশন চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।”
ব্যক্তিগত পক্ষপাতের অভিযোগ প্রত্যাখ্যান করে উপাচার্য বলেন, “আমার ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই। কাউকে পৃষ্ঠপোষকতা করার প্রশ্নই আসে না। আমরা সবার অংশগ্রহণ নিশ্চিত করে কাজ করতে চাই। আজকের মতবিনিময় সভায় বিভিন্ন পক্ষ যে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, তা আমাদের সামনে এগিয়ে যেতে উৎসাহিত করছে।”
ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, “আমরা সবাই ডাকসু চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। মতবিনিময়ে নানা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, আমি সবার মতামতকে সম্মান করি। সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের স্বার্থে আমরা আবাসন সংকটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করছি এবং করব। নিরাপত্তা, অধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণ—এই সব বিষয় একসঙ্গে এগিয়ে নিতে হবে।”
ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের আগ্রহ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিন বন্ধ থাকা এই নির্বাচনের পুনরায় আয়োজন ছাত্ররাজনীতি ও নেতৃত্ব চর্চায় নতুন গতি আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।