ক্যাম্পাস
ঢাবির প্রবেশপথ ও আশপাশে রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়ছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও আশপাশের এলাকায় রাজনৈতিক কর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোট শেষ হয়। এরপর থেকে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের অনুসারীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, দুপুরের পর থেকেই ঢাবির গণতন্ত্র ও মুক্তি তোরণে প্রায় তিন শতাধিক মানুষ জড়ো হন। বকশিবাজার মোড়ে উপস্থিত আছেন দুই শতাধিক মানুষ। তুলনামূলকভাবে পলাশী মোড়ে ভিড় কম হলেও সেখানেও নীরবে দাঁড়িয়ে থাকা মানুষের গতিবিধি নজর কাড়ছে। উপস্থিত অনেকে কোনো মন্তব্য করতে রাজি হননি; প্রশ্ন করলে অনেকে পাশ কাটিয়ে যাচ্ছেন, আবার কেউ হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়লেও রাজনৈতিক নেতাকর্মীরা প্রকাশ্যে স্বীকার করতে চাননি যে তারা সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড়ের প্রকৃত উৎস ও কারণ প্রকাশ পাচ্ছে না।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে ও ক্যাম্পাসের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগের তুলনায় বেড়েছে।
উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হয়েছে দেশের ‘মিনি পার্লামেন্ট’ খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী লড়ছেন।