ক্যাম্পাস

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টারও বেশি সময় আগে এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে মাওলানা ভাসানী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে, জামায়াতে ইসলামীর একটি অখ্যাত কোম্পানি থেকে সংগ্রহ করা ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণ চলছে। এতে কারচুপির সুযোগ রেখে দেওয়া হয়েছে।

প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিয়ম মেনে ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে ওই কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সংগ্রহ করেছে। ভোট গণনায় কারচুপির অভিযোগ উঠলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপে কমিশন মেশিনে গণনার পরিবর্তে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেয়। তবে একই কোম্পানির ব্যালট পেপার দিয়েই ভোটগ্রহণ চলছে।

তিনি আরও বলেন, “আমরা নিরপেক্ষ ব্যালট পেপারের দাবি জানালেও নির্বাচন কমিশন তা উপেক্ষা করে জামায়াতপন্থি কোম্পানির সরবরাহ করা ব্যালটেই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। এটি নির্বাচন কমিশনের স্পষ্ট পক্ষপাতমূলক আচরণ।”

ছাত্রদল সমর্থিত প্যানেল এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।