ক্যাম্পাস
কুবি প্রশাসনের সহযোগিতায় বড় পর্দায় বিশ্বকাপ দেখাতে চায় ছাত্রদল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মুক্তমঞ্চে প্রজেক্টরের মাধ্যমে বড়ো পর্দায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের সকল খেলা প্রদর্শনের অনুমতি ও প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আজ সোমবার (০৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সংগঠনটির পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন দেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিশ্বকাপের খেলা উপভোগের লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ফলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ, স্থান ব্যবহারের অনুমতি, নিরাপত্তা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রশাসনিক সহযোগিতার দাবি জানিয়েছে সংগঠনটি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সকল বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে এই আয়োজন পরিচালনা করা হবে বলে আবেদন উল্লেখ করা হয়েছে।
কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এ নিয়ে বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন করেছি, যাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো বড়ো পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়।"
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী বলেন, "এরকম আয়োজন আগেও হয়েছিল। বিষয়টি আমি মাননীয় উপাচার্যের নিকট পেশ করেছি। তিনি এখনো চূড়ান্ত কিছু জানায়নি।"