ক্যাম্পাস
অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় ১২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘ধিক্কার ধিক্কার, পুলিশ ধিক্কার’, ‘অপ্রতীম মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘বিচার চাই, বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
ফার্মেসি বিভাগের ২০২০ ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ১২ ঘণ্টার মধ্যে দোষীকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে কুমিল্লা শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অঞ্জন রায় বলেন, অপ্রতীমের মৃত্যুর ঘটনার বিচার ১২ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে হবে। শহরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কুবি ক্যাম্পাসের পাশে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, কুমিল্লার প্রশাসনের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। অন্যথায় কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।