রাজধানী
ছদ্মবেশে কমলাপুরে যাত্রী হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে দুদকের অভিযান
কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের হয়রানি, টিকিটবিহীন যাত্রা এবং রশিদবিহীন অর্থ আদায়ের মতো নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের একটি দল ছদ্মবেশে স্টেশনে অবস্থান করে আনসার, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় তারা সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা নেন এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ সংগ্রহ করেন।
অভিযান চলাকালে এক ব্যক্তি টিকিট ছাড়া যাত্রা করার সময় রেলের এক স্টাফকে টাকা প্রদান করছেন— এমন একটি ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পায় দুদক টিম। এ ছাড়া আনসার সদস্যদের দ্বারা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারসহ একাধিক অসঙ্গতির তথ্যও সংগ্রহ করা হয়।
পরবর্তীতে দুদকের দল ওই যাত্রী, ভিডিও ও স্থিরচিত্রসহ স্টেশন ম্যানেজারের সঙ্গে সরাসরি দেখা করে অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
দুদক জানায়, অভিযানের সময় সংগৃহীত তথ্য, চিত্র ও সাক্ষ্যের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে কমিশনে জমা দেওয়া হবে, যাতে ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।