রাজধানী
ছুরি হাতে কমলাপুর স্টেশনে ভাইরাল শাহ আলী গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছুরি হাতে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে গাজীপুর থেকে তাকে আটক করে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।
ওসি ফেরদৌস আহমেদ জানান, ১৬ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনে শাহ আলী সিকদার ছুরি হাতে একটি ছবি তোলেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে রবিবার রাতে গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার শাহ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ১৫ অক্টোবর রাতে এক যাত্রী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়—এক যুবক কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কোমর থেকে কাপড়ে মোড়ানো একটি ছুরি বের করে তা প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি ছুরিটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
পুলিশ বলছে, ভাইরাল ভিডিওর পর স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।