রাজধানী

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের টানা আন্দোলন
ছবি: সংগৃহীত

জাতীয়করণের দাবিতে টানা ৩০তম দিনের মতো অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের।

‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে দেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ছিল প্রায় ১৮ হাজার। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫৬টিতে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এর মধ্যে মাত্র ৪ হাজার শিক্ষক প্রতি মাসে ৩,৩০০ থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত ভাতা পান, বাকি শিক্ষকরা কোনো প্রকার আর্থিক সুবিধা পান না।

তারা অভিযোগ করেন, সরকারের বিভিন্ন দপ্তরে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে হতাশ শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আমরণ অনশনসহ টানা আন্দোলনে নামেন।

শিক্ষকরা বলেন, “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সরকার গত ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ ১০ মাস পার হলেও সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি। এতে আমরা বাধ্য হয়ে রাজপথে অনশনে বসেছি।”

তারা আরও জানান, সরকারের ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় অনেক শিক্ষক চরম আর্থিক সংকটে ভুগছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেন তারা।