রাজধানী
ঢাকাকে অটোরিকশা ও হকারমুক্ত করতে চাওয়া সেই তরুণীকে ছুরিকাঘাত
রাজধানী ঢাকাকে অটোরিকশা ও হকারমুক্ত করার দাবিতে আলোচিত তরুণী সোহানী শিফাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জুন) এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এ চিকিৎসা নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ভুক্তভোগীর বক্তব্যে এ তথ্য নিশ্চিত হয়েছে।
ঘটনার পর সোহানী শিফা নিজেই একাধিক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, চকবাজার এলাকার একটি গলিতে হাঁটার সময় হঠাৎ এই হামলার শিকার হন।
এর আগে সোহানী শিফা ঢাকার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার দাবিতে সরব হন। তার মূল দাবি, পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত রাখতে হবে। তিনি মনে করেন, অতিরিক্ত জনসংখ্যার এই শহরে ফুটপাত ও সড়ক দখল হয়ে থাকায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
তার বক্তব্য অনুযায়ী, হকারদের বিকল্প নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা যেতে পারে, তবে মূল সড়ক ও ফুটপাতে কোনোভাবেই ব্যবসা করতে দেওয়া উচিত নয়। একইসঙ্গে তিনি ঢাকায় অবৈধ অটোরিকশা ও যানজট সৃষ্টিকারী যানবাহন উচ্ছেদের দাবিও জানান।